বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দানোৎসব চলছে

বান্দরবানের আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবর দানোৎসব শুরু হয়ে‌ছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা সদরের কালাঘাটার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারে এই কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা, অষ্টপ‌রিষ্কার দান , সংঘ দান অনুষ্টিত হয় ।

পরে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের ভান্তে এফ দীপংকর মহাথের উপস্থিত বৌদ্ধ দায়ক-দায়িকা ও উপাসক উপাসিকাদের উদ্দে‌শে বিভিন্ন ধর্মীয় দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ জেলা উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত হয়ে পঞ্চশীল প্রার্থনায় অংশ নেয় এবং ভান্তেকে বিভিন্ন রকমের ছোয়াইং ( উৎকৃষ্ট খাবার ) দান করে।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে এই দানোত্তম কঠিন চিবর দানোৎসবের সমাপ্তি ঘটবে। প্রবারণা পূর্ণিমা পালনের পর থে‌কে মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।