দুপচাঁচিয়ায় রোড রোলারের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

বগুড়া



বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বাবুর বাগান এলাকায় রোড রোলারের চাকায় পিষ্ট হয়ে রহিম বাদশা (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক রহিম বাদশা আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের শামসুদ্দিন আকন্দের ছেলে। সম্প্রতি বগুড়া-নওগাঁ সড়কের সংস্কার কাজ শুরু হয়। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনীর বাবুর বাগান এলাকায় সড়কে রোলার দিয়ে কার্পেটিং (পাথর ও পিজ) সমান করা হচ্ছিল। এ সময় শ্রমিক রহিম বাদশা রোড রোলারের সামনে চাকায় পানি দিচ্ছিলেন। হঠাৎ তিনি পা ফসকে রোলারের সামনে পড়ে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই রোলারের চালক আবদুস সামাদ পালিয়ে যান।

ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। তবে নিহতের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।