রাজশাহীতে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ সাইরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিদ্যুৎ হোসেন (৩২)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে বিদ্যুৎ মোটরসাইকেল চালিয়ে কাশিয়াডাঙ্গা-আম চত্বর বাইপাস সড়ক হয়ে কাশিয়াডাঙ্গার দিকে আসছিলেন। আর বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। সাইরগাছা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।