সৈয়দপুরে যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত ২

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২ জন গুরুতর আহত হন। আহতরা হলেন- আনোয়ারুল ইসলাম মানিক (৩৫) ও দেলোওয়ার হোসেন (৩৭)। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গ্রুপ দলীয় কার্যালয়ে মিলাদ-মাহফিলের আয়োজন করে। এসময় অপর গ্রুপটি এলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা বলেন, ‘শনিবার রাতে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে চারিদিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় যুবদলের দুই সদস্য গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।