সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (২৮ )সকালে স্মার্ট কার্ড বিতরণের জন্য সদর উপজেলা নির্বাচন অফিস থেকে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন, স্মার্ট কার্ড বিতরণের কাজে নিয়োজিত’ স্টিকার লাগানো তিনটি মাহেন্দ্র থ্রি-হুইলার গাড়ি নিয়ে রওয়ানা দেন সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মীরা। পুরান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে শ্রমিকরা গাড়িটি আটকে দিয়ে প্রথমে পোড়া মবিল ও পরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় ড্রাইভার ও কর্মীরা থামানোর চেষ্টা করলে তাদের শরীরেও পেট্রোল ঢেলে দেয় পরিবহন শ্রমিকরা এবং বেদম মারধর করে। পরে নির্বাচন অফিস থেকে কর্মী ও কর্মকর্তারা গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, তাদের গাড়ি গন্তব্যস্থলে যেতে বাধা প্রদান করা হয়েছে। সদর থানার পক্ষ থেকে অভিযোগটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘এ ব্যাপারে জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সরঞ্জামাদিসহ নির্বাচন অফিসের ভাড়া করা গাড়িটি গন্তব্যস্থলে পৌঁছে দেয়।’
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের কার্যকরী সভাপতি।