রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মাগুরায়। এ উপলক্ষে রবিবার (২৮ অক্টোবর) বাঁধন মাগুরা সরকারি কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মাগুরা সরকারি কলেজ শহীদ মিনারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে ইউনিটের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে এক বক্তব্য রাখেন কলেজের উপধ্যাক্ষ ড. আহসান হাবিব, সাবেক শিক্ষক কামরুজ্জামন চাঁদ, আলাউদ্দীন হোসেন ও শায়েখ উদ্দীন সোহান। এরপর দুদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সূচনা করা হয়।
উল্লেখ্য, বাঁধন রক্তদানের একটি জাতীয় সামাজিক সংগঠন। ১৯৯৭ সাল থেকে সংগঠনটি সারাদেশে কাজ করছে।