ঠাকুরগাঁও গড়েয়ায় অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য জব্দ করেছে নিরাপদ খাদ্য বিভাগ। রবিবার (২৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার গড়েয়া হাটে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় হানিফ ভ্যারাইটিজ স্টোর, সফিকুল ভ্যারাইটিজ স্টোর, শান্ত ভ্যারাইটিজ স্টোরসহ কয়েকটি মুদি দোকানে প্রায় এক লাখ টাকার শিশুদের ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।
নিরাপদ খাদ্য পরিদর্শক আক্তার ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিভিন্ন সূত্রে খাদ্য বিভাগ অভিযোগ পায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় দুধসহ শিশুদের ভেজাল খাদ্যের ব্যবসা চলছে। পরে বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে বড় বড় কোম্পানির লেবেল আটানো চকলেট, শিশুদের গুঁড়ো দুধ, হজমি, লিচিসহ এসব উৎপাদনের একটি ভেজাল কারখানার সন্ধান পাওয়া যায়।
নিরাপদ খাদ্য পরিদর্শক আক্তার ফারুক এর নেতৃত্বে শিশুদের ভেজাল খাদ্যগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, ‘এ ধরনের ভেজাল খাদ্য খেয়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এমনকি রঙ ও কেমিক্যাল মেশানো খাদ্য খেয়ে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে শিশুদের। তাই এধরনের খাদ্য কেনার সময় তিনি অভিভাবকদের ভালোভাবে পরখ করে নিতে এবং মেয়াদোত্তীর্ণ কিনা তা দেখে নিতে পরামর্শ দেন।’