বিএনপিকে পরগাছা ও কুঁজোদের দল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারে না। এজন্য তারা এখন অন্যদলের ওপর ভর করেছে। বিভিন্ন দলের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে চায় বিএনপি।’
বুধবার বিকালে মাদারীপুরের ছিলারচরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি শুধু আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলন করার কোনও ক্ষমতা নেই তাদের।’
তিনি আরও বলেন, ‘দেশে বিভিন্ন সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষ মেরে হত্যা করেছে। খালেদা জিয়ার নির্দেশে ওই সব হত্যাকাণ্ড ঘটেছে। যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, রাজাকারের বিচার করেছে শেখ হাসিনার সরকার। যারা মানুষ মেরে দেশে অশান্তি বয়ে আনতে চায় তাদেরও এ সরকার বিচারের আওতায় আনবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুউদ্দিন গিয়াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, ছিলারচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজের সভাপতি আজিবর রহমানসহ অনেকে।