রাজবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়িতে ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশরাজবাড়ী পৌর এলাকার ভাবানিপুর গ্রামে রঞ্জন দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রঞ্জন দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (৩০ অক্টোবর)দিবাগত রাত ৩টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বাড়ির গেটের তালা ভেঙে ও গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর ডাকাতদল দুটি কক্ষ তছনছ করে নগদ ৩৭ হাজার ৫শ’ টাকা, ৫০ ভরি স্বর্ণালংকার যার বাজার মূল্য ২৬ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। আমরা এখন আতঙ্কগ্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তাছাড়া আমি নিজেও সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’