সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২ নভেম্বর) সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম জানান, পরিষদের বারান্দায় কয়েকজন জেলে ঘুমন্ত অবস্থায় ছিল। গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। বোমার শব্দে জেলেরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রাম আদালতের গুরত্বপূর্ণ কাগজপত্র এবং পর্দার কাপড় পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে, জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান ঘটনাস্থল পরির্দশন করে বলেন, ‘গ্রাম আদালতের কক্ষের দুটি জানালাই অরক্ষিত ছিল। সেদিক দিয়ে দুর্বৃত্তরা ককটেল জাতীয় কিছু নিক্ষেপ করায় সয়দাবাদ গ্রাম আদালত কক্ষের কাপড় পুড়ে গেছে। ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে থানায় মামলা করার জন্য বলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।