চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর আরোহী পিয়াস (২৭)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রবিবার (৪ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও সহকারী চালক ইমনকে আটক করেছে।
নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষী-নারায়ণপুর গাজীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক নাসিউল হক জানান, দুপুরে একটি খালি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে যাওয়ার সময় মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী তরিকুল এবং গুরুতর আহত হন অপর আরোহী পিয়াস। এসময় স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করে এবং পিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও সহকারী চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও তিনি জানিয়েছেন।