বাংলাদেশ একটি ফুলের বাগান: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনসংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বাংলাদেশ একটি ফুলের বাগান। একটি বাগানে যেমন নানান ধরনের ফুল থাকে, তেমনি বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এক সঙ্গে বসবাস করে। এটিই হলো অসাম্প্রদায়িক সোনার বাংলা, যেখানে থাকবে না খুন, গুম, নারী নির্যাতন ও আগুন সন্ত্রাস। সব ধর্মের মানুষ ভাই-ভাই।’
রবিবার (৪ নভেম্বর) বিকালে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উম্মোচনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশ আবুধাবি, কুয়েত, বাহরাইন, পাকিস্তান, আলজেরিয়া, মিসরের অবস্থান পাশাপাশি। তাহলে এসব দেশ এক হলো না কেন? কারণ প্রত্যেক দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আছে।
মন্ত্রী বলেন, এজন্যই জাতীয় পরিচয় দেওয়ার সময় তাদের সবাই বলেন, আমি বাহরাইনি, আরবীয়, আবুধাবি, আলজেরিয়ান ও পাকিস্তানি। কিন্ত কেউ পরিচয়ের সময় বলেন না- আমি মুসলমান। তেমনি আমাদেরও নিজস্ব জাতীয় সত্ত্বা ও সংস্কৃতি আছে। এজন্য গর্বের সঙ্গে বলি- আমরা বাঙ্গালি। কেউ ধর্মের নামে কোনও পরিচয় দেয় না। এক শ্রেণির মানুষ বাঙ্গালি পরিচয় দিলে ক্ষিপ্ত হয়।
নূর আরও বলেন, তাহলে ধর্মের নামে যারা রাজনীতি করে, সমাজের মানুষকে হত্যা করে, বাসে আগুন দেয়, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে- এটা কোন ধর্ম আর কোন মুসলমানি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২১ জন নেতাকর্মী নিহত হলো। এটা কি সন্ত্রাস নয়? এই কাজগুলো ইসলামের কোথায় আছে। তাদের বিচার শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এটি একটি উদাহরণ।
নীলফামারী সরকারি কলেজের আয়োজনে অধ্যক্ষ প্রফেসর দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ।
এর আগে মন্ত্রী কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলা চত্বরে চার হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষার বীজ ও সার বিতরণ করেন।