চমেক হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার, আটক ১

জব্দ করা অপারেশন সরঞ্জামচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার করার সময় বেবি দেবী (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ নভেম্বর) দুপুরে এসব সরঞ্জাম পাচার করার সময় হাসপাতালের পশ্চিম গেট থেকে তাকে আটক করা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক বেবি দেবীর কাছ থেকে তিনশটি হ্যান্ড গ্লাভস, ১০ বক্স অপারেশনের সুতা ও ৯০টি অন্যান্য অপারেশন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে তিনি জানান। বেবি দেবী বোয়ালখালীর পোপাদিয়ার মধু নাথের স্ত্রী। তিনি নগরীর মুরাদপুর এলাকায় কামাল কলোনীতে থাকেন।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কিছু দিন ধরে বেবি দেবী হাসপাতাল থেকে অপারেশন সরঞ্জাম পাচার করে আসছিল। আজ গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাসপাতালের পশ্চিম গেট এলাকা থেকে আটক করা হয়। তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেবি দেবী জানিয়েছে হাসপাতালে কর্মরত নার্স ও আয়াদের কাছ থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেছেন তিনি। এ ঘটনার সঙ্গে হাসপাতালে কর্মরত কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’