ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার মেনিখালি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. সোহান (২২), সিরাজ (২৩), নুরুজ্জামান (২৩) ও শাওন (২৩)।
এ ঘটনায় রবিবার বিকেলে সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার জানান, গত শনিবার দিবাগত রাত পৌনে ৩ টায় মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার মিনিখালি এলাকায় একদল ডাকাত মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহান, সিরাজ, নুরুজ্জামান ও শাওন নামের ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ৩টি দেশীয় উদ্ধার করে। গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন জায়গা অভিযান চালাচ্ছে।