জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিক্সাভ্যানের এক যাত্রী নিহত ও চার জন আহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নিহত যাত্রীর নাম রুবেল হোসেন (২৮)। তিনি সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়ার মাজলুম হোসেনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইন্তাজ হোসেন (৪০), খোরশেদ আলম (২৮), নাজমুল হোসেন (২৮) ও হাসান আলী (৩৫)। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই ক্ষেতলাল উপজেলার বটতলী হক ফিড কম্পানির শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ নভেম্বর) সকালে ক্ষেতলালের বটতলী হক ফিড কম্পানিতে কাজের জন্য ব্যাটারিচালিত রিক্সাভ্যানে রওনা হয় ওই শ্রমিকরা। সকাল ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।