পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রিজেন্ট বোর্ডের ৪৭তম জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (৬ নভেম্বর) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হল সকাল ৯টার মধ্যে এবং শেখ হাসিনা ছাত্রী হল থেকে সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আগামী ১৬ নভেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চালু থাকবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। এসময় ভাইস চ্যান্সেলর প্রশাসনিক ভবন থেকে বের হয়ে বাস ভবনে চলে যান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনও অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।