রাজশাহী নগরীতে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর মহিষবাথান এলাকা থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- নগরীর রাজপাড়া থানার সুফিয়ানের মোড় এলাকার শহিদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম মিনহাজ (২০) ও কর্ণহার থানার এলাকার শিশাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. জনি (২১)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী রাজপাড়া থানার উত্তর মহিষবাথান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ৭ পয়েন্ট ৬৫ বিদেশি পিস্তল উদ্ধারসহ দুই যুবককে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।