নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় নগরীর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তার গ্রেফতারের ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে কমপক্ষে তিন-চারটি মামলা রয়েছে। সেই মামলার তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর সাখাওয়াত হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিপরীতে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ওই নির্বাচনে পরাজিত হলেও এরপরেই তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতির পদ পান। এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার মামলায় বাদীপক্ষের আইনজীবী হয়ে আলোচিত হন তিনি।