ঐক্যফ্রন্টের সমাবেশ ঘিরে ব্যস্ততা রাজশাহী বিএনপিতে

ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিসভারাজশাহীতে আগামী ৯ নভেম্বর শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখনও সমাবেশস্থলের অনুমতি দেওয়া হয়নি। তবে স্থানীয় বিএনপির নেতারা পছন্দের জায়গা হিসেবে রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছেন। অপরদিকে সমাবেশকে সফল করার জন্য বেশ কয়েক দিন থেকেই ঘরোয়াভাবে প্রস্তুতিমূলক আলোচনা সভা করছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সমাবেশের স্থানের চূড়ান্ত অনুমতির জন্য মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘এখনও স্থান চূড়ান্ত হয়নি। তবে ৯ তারিখেই মহাসমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে। মাদ্রাসা ময়দান না হলেও অন্য কোন বড় স্থানে সমাবেশ হবে।’ তিনি নেতাকর্মীদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে যেখানেই সমাবেশ হোক সেখানেই সময়মতো সব বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে নেতাদের সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সমাবেশের স্থান নির্ধারণ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘বিএনপির নেতারা কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। তবে সমাবেশের আরও কয়েক দিন সময় আছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী স্থান নির্ধারণ করা হবে।’

এদিকে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত খালেদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় সমাবেশ সুষ্ঠু ও সুন্দর করে সমাপ্ত করতে বিভিন্ন ধরনের ৬টি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যদের সমাবেশের সময় এবং আগে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।