খাগড়াছড়ি দিবস পালিত

খাগড়াছড়ি দিবস পালিতবর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি দিবস পালিত হচ্ছে। জেলা ঘোষণার ৩৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে খাগড়াছড়ি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের (কেবিডিএ) ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. শাহ আলম।

এসময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরাসহ কেবিডিএ’র উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালের ৭ নভেম্বর রামগড় মহাকুমাকে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন জানান, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিবস পালনে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। তবে বেসরকারিভাবে পালিত অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।’