পুলিশ ও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার জেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা করে জেলা বিএনপি। অনুষ্ঠান শেষে তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মোল্লাসহ ১৫-২০ নেতাকর্মী শিবপুরে ফিরছিলেন। এরইমধ্যে বিএনপির কার্যালয়ের সামনই নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাদের ঘিরে ফেলে ১৫ জনকে গ্রেফতার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নাশকতা ও নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।
তবে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি। তিনি শারিরীকভাবে অসুস্থ। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে দাবিয়ে রাখতে চায়।