প্রথম দিনেই গাইবান্ধা-৩ আসনে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন ১০ জন

আওয়ামী লীগের মনোনয়ন ফরমএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে শুক্রবার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন ১০ জন। শুক্রবার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টা পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। প্রার্থীরা নিজেরাই তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন- বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বিগ্রে. জেনারেল (অবঃ) মাহামুদুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ডা. শাহ্ মো. ইয়াকুব-উল-আজাদ, আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ, মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলু, পলাশবাড়ী উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি শ্যামলী আক্তার ও সাদুল্যাপুরের তৃণমূল আওয়ামী লীগ নেতা আজিজার রহমান বিএসসি।

এবিষয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, ‘আমিসহ এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে পলাশবাড়ী উপজেলার আট জন ও সাদুল্যাপুর উপজেলার দুইজন রয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে একজনকে মনোনয়ন দেবেন দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তবে এসব প্রার্থীদের মধ্যে আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাংগঠনিক কর্মকাণ্ড সক্রিয় রাখা এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে সার্বিক বিষয়ে নেতৃত্ব দিয়ে আসছি।’ জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার কথা জানান তিনি। মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশা করেন তিনি।

এবিষয়ে চেষ্টা করেও বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মন্ডল নীরব বলেন, ‘দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডা. মো. ইউনুস আলী সরকার দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দল আবারও তাকেই মনোনয়ন দেবে। দলীয় নেতাকর্মী ও দুই উপজেলার সাধারণ মানুষের ভালোবাসায় ও তাদের ভোটে আবারও ইউনুস আলী বিজয়ী হবেন। দুই উপজেলার উন্নয়নে ইউনুস আলীর বিকল্প নেই।’

তবে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুজোহা প্রামাণিক রাঙ্গা বলেন, ‘যারাই মনোনয়ন চাক, দল অবশ্যই একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। যাকেই মনোনয়ন দেওয়া হোক তার সঙ্গে কাজ করবে নেতাকর্মীরা। তবে জনবিচ্ছিন্ন ও দলের সঙ্গে সম্পর্ক নাই এমন প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রের  নেতাদের প্রতি দাবি জানাই।’