পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে উখিয়া কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াছ নামে এক যুবক দুই নম্বর ব্লকে প্রতিদিনের মতো গ্যাসের মাধ্যমে বেলুন তৈরি করে শিশুদের বিক্রি করছিলেন। এসময় হঠাৎ করে গ্যাস বিস্ফোরণ হয়ে তিনিসহ ১৬ জন রোহিঙ্গা দগ্ধ হন। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে চার জনের অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হলেন- আজিজুল হক (১০), আমান উল্লাহ (৮), আল কামা (৯) ও বেলুন তৈরকারী মোহাম্মদ ইলিয়াছ (২৫), আবু তাহের (১৫), মোহাম্মদ সিরাজ (২৫), জানে হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুর আলম (২৪), মোহাম্মদ জুনায়েদ (৫), আবদুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আবদুল কাদের (২০)। তারা সবাই উখিয়ার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইউছুপ জানান, কুতুপালং জি-২ জোন কিউতে রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। এসময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৬ জন আহত হন।
ওসি আবুল খায়ের বলেন, ‘বেলুন তৈরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৬ দগ্ধ হয়েছেন। তার মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই চিকিৎসাধীন আছে।’