রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়নের আবেদন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো.তোফাজ্জেল হোসেন মিয়া এবং গোয়ালন্দের বিএনপি নেতা নজির আহমেদ।
অন্যদিকে রাজবাড়ী-২ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. রাজ্জাক খান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম শওকত সিরাজ, প্রবাসী বিএনপি নেতা তৌফিক-ই এলাহী কবির এবং বিএনপি শাহ মো. রফিকুল ইসলাম।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনবার রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান এবং একবার রাজবাড়ী ১ আসনে সংসদ সদস্য ছিলাম। সেই সময়ে রাজবাড়ী জেলা শহরের যে উন্নয়ন হয়েছে তার ছিটেফোঁটাও এখন হচ্ছে না। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দলের ক্রান্তিকালে পিছপা হইনি। একাদশ সংসদ নির্বাচনে দল এবারও আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস। মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাজবাড়ী-১ আসনটি পুনরুদ্ধার করব।’
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করি, এ আসনের জনগণ আমার অনেক আপন। এর আগে এ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। এবারও দলীয় সভানেত্রী খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি।’
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মনোনয়নপত্র, নির্বাচনি আচরণবিধিসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার দুটি আসনে ৩১২টি কেন্দ্র, ১ হাজার ৫৪২টি ভোট কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এসব ভোটকেন্দ্র ও কক্ষের জন্য ৪ হাজার ৯৩৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩১২ জন প্রিজাইডিং অফিসার,১ হাজার ৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৩ হাজার ৮৪ জন পোলিং অফিসার আছেন। এদের মধ্যে ১০ শতাংশ কর্মকর্তাকে রিজার্ভ রাখা হচ্ছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৫৮৩ জন। এর মধ্যে রাজবাড়ী ১ আসনে (সদর, গোয়ালন্দ) ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৪৫২ জন ও রাজবাড়ী-২ আসনে (বালিয়াকান্দি,পাংশা,কালুখালী) ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ১৩১ জন।