ববিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক সম্মান প্রথম বর্ষের অষ্টম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ২৪টি বিভাগের ১ হাজার ৪শ’ ৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২২ হাজার ১শ’ ২ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ২০ জন শিক্ষার্থী।

ববিতে ২২টি বিভাগের সঙ্গে চলতি শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন বিভাগ– ইতিহাস ও পরিসংখ্যান। পরীক্ষা কেন্দ্রে যেকোনও ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। স্থাপন করা হয়েছে একাধিক জ্যামার। এছাড়া মাথা, মুখমণ্ডল, কান ও গলা ঢেকে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ কেন্দ্রে ‘খ’ ইউনিটে ৫ হাজার ৭৬৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ৪ হাজার ২শ’ ৭৭ জন পরীক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

২৪ নভেম্বর সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং নগরীর কাউনিয়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৫৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভিসি প্রফেসর ড.এসএম ইমামুল হক। এবারও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ঘ‘ ইউনিটে কোনও ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ভিসি।

তিনি বলেন, পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বিশেষ ক্ষেত্রে পরীক্ষা শুরুর পর সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে যেকোনও ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। স্থাপন করা হয়েছে একাধিক জ্যামার। এছাড়া মাথা, মুখমণ্ডল, কান ও গলা ঢেকে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরাও কোনও প্রকার মোবাইল ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর আগে তারা সংশ্লিষ্ট কেন্দ্রপ্রধানের কাছে তাদের মোবাইল জমা রাখবেন। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্রের বক্স সবার উপস্থিতিতে ভাঙা হবে এবং পরীক্ষা শুরুর ১ মিনিটি আগে প্রশ্নপত্রের প্যাকেট সবার উপস্থিতিতে খোলা হবে।