ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আদালতআদালতে পাঁচ আসামি ও সাক্ষী উপস্থিত না থাকায় ফের পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এ মামলার ১৫ আসামির মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জিকে গউছসহ ১০ জন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আসামিদের মধ্যে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শেখ ফরিদ অনুপস্থিত ছিলেন। এছাড়া জামিনে থাকা আবদুল কাইয়ুম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।

পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আলোচিত এ মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত। এ মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা চলাকালে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।