খালেকুজ্জামান বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসতে পারে আবার স্বৈরতন্ত্রও আসতে পারে। নির্বাচন হলেই গণতন্ত্র হয় না। সুষ্ঠু নির্বাচন করতে হলে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নয়।’ বিচার বিভাগ ও উচ্চ আদালতের স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রধান বিচারপতিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক ব্যাপার।’
নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ইচ্ছা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কোনওরকমে জোড়াতালি দিয়ে নির্বাচন সম্পন্ন করা হলেও পরবর্তী সময়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে পড়বে।’ নির্বাচন কমিশনকে আজব কমিশন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক নিখিল দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদের ঢাকা মহানগর আহ্বায়ক কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।