প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়ন কাজে পাথরঘাটা থেকে কালমেঘা যাওয়ার পথে রোলারটি ব্রিজের উপরে উঠলে সেটি ভেঙে পড়ে যায়। এ সময় নিচ দিয়ে যাওয়া একটি ট্রলারের উপর ব্রিজটি ভেঙে পড়লে ট্রলারটি ডুবে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কালমেঘা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রিজটি ভেঙে রোলারটি খালে পড়ে যায়। ব্রিজটি আগে থেকেই নড়বড়ে ছিল তাই এত ওজন নিতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে। কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ব্রিজটি ভেঙে পড়ায় এই দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ‘উন্নয়ন কাজে যাওয়ার সময় রোলারটি ব্রিজে ওঠার কারণেই এটি ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্রিজটি পুনরায় মেরামত অথবা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন মো. সহিদ বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।’