ট্রেনের ৯৫টি টিকিটসহ মো. ইউসুফ (৩৬) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ভাড়া থাকেন।
রবিবার (২৫ নভেম্বর) নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউসুফ দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি করে আসছে। গোপন সংবাদের ভিত্ততে ইউসুফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার টিকিটসহ বিভিন্ন ট্রেনের ৯৫টি টিকেট উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোতোয়ালি থানায় টিকিট কালোবাজারির দায়ে তার নামে একটি মামলা রয়েছে। আজ তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির দায়ে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে।’