চট্টগ্রামে একযোগে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার পাঁচ প্রার্থী

চট্টগ্রামে একযোগে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার পাঁচ প্রার্থীএকাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে একযোগে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী। বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পাঁচ প্রার্থী নগরীর বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে সকালে পাঁচ প্রার্থী চট্টগ্রাম নগরীর পল্টন রোডে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের বাসায় যান। পরে সেখান থেকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছিরসহ নেতাকর্মীরা একযোগে মনোনয়নপত্র জমা দিতে যান।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও কাট্টলী) আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের ডা. আফসারুল আমিন ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এম এ লতিফ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রার্থীরা।

মঈনউদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দলগুলো যেসব অভিযোগ করছে তার কোনও ভিত্তি নেই। লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই তৈরি হয়েছে। আমরা যারা সরকারের এমপি আছি, তারা কোনও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছে না। সরকারের কোনও কাজে হস্তক্ষেপও করছি না।’