বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক নিহত

বাগেরহাট

বাগেরহাটে মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ বটতলা নামক স্থানের এই দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম দুলাল (৪৬) ও এম এম বাহারুল আলম (৪৫)। তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে। এরমধ্যে রফিকুল ইসলাম সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহারুল আলম সরসপুর দক্ষিণপাড়া জাতীয় করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মোটরসাইকেলে করে মোল্লাহাট সদর থেকে পিএসসি পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে গুরুতর আহত দুই শিক্ষককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল আহসান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।