মেহেন্দীগঞ্জে আ.লীগকর্মীদের হামলায় শ্রমিক ও যুবদলের ৩ নেতা আহত হওয়ার অভিযোগ

বরিশালবরিশালের মেহেন্দীগঞ্জের বদরপুর গ্রামে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় শ্রমিকদল ও যুবদলের তিন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে হামলায় আহতদের শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন- উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মনির সওদাগর ও যুবদল নেতা মো. হাসেম।

উত্তর জেলা বিএনপির সভাপতি ও বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘মনোনয়নপত্র জমাদানের আগে আমার বাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতাকর্মীরা ইউএনও অফিসের উদ্দেশে রওনা হয়। আমার বাসা থেকে কিছুদূর যাওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ওই তিন নেতা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার বরিশাল মেডিক্যালে পাঠানো হয়। বিষয়টি তাৎক্ষণিক মেহেন্দীগঞ্জ থানার ওসি শাহিন খানকে অবহিত করা হলেও তিনি কোনও পুলিশ পাঠাননি।’

তবে ওসি শাহিন খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পুলিশ পাঠানো হলেও হামলাকারী কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।