ঝিনাইগাতীতে বিএনপি অফিস ভাঙচুর

শেরপুরশেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অফিস ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (২৯ নভেম্বর) গভীর রাতে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও যুবদল সভাপতি মো. আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান,  বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিমুলতলী এলাকায় উপজেলা বিএনপির অফিস ও থানা মোড় এলাকায় সহযোগী সংগঠনের অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়িতে চলে যান।  গভীর রাতে কে বা কারা তাদের দুই অফিসে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বিএনপি অফিসের সামনে ঝোলানো সাইনবোর্ড নিয়ে যায়। অফিসের ভেতরের সামিয়ানা, চেয়ার-টেবিল, ভাঙচুর  ও লুট করে নেয়। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে আসেন। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় মো. মাহমুদুল হক রুবেল সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি জানার পর আমি রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) জানিয়েছি। গভীর রাতে ঘটনাটি ঘটায় আমরা কাউকে দোষারোপ করতে পারছি না।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।  তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনার কুলি মাহবুব বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’