আধাবেলা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য শুরু

হিলি স্থলবন্দর

ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ভবতোষ মজুমদারের মৃত্যুতে আধাবেলা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে বন্দর দিয়ে  আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ভবতোষ মজুমদার শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন। একারণে সকাল থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ ছিল। তবে দুপুর দেড়টার দিকে তার মরদেহ চেকপোস্ট গেটে আনা হয়। এরপর মরদেহ সৎকার সম্পূর্ণ করার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল পৌনে ৩টা থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, ‘শনিবার সকাল থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।’