ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জেলা আমিরসহ আটক ৩

জামায়াত নেতা জসিম উদ্দিনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ ডিসেম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্য দুজন হচ্ছেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল হোসেন আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, ফুলবাড়িয়া উপজেলা সদরের বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শনিবার বিকালে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অধ্যাপক জসিম উদ্দিনকে আটক করা হয়। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক দন্ত চিকিৎসক আবদুর রাজ্জাককে উপজেলা সদরের শরীফ মার্কেটের  নিজ চেম্বার আটক করা হয়। এছাড়া ফুলবাড়িয়া বাজার থেকে পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

গত ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।