বরিশাল জেলার ৬ আসনে ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে বরিশাল-২ আসনে। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী ৩ প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ওই ৬টি আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনিত কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়া পৌরকর না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দেওয়া মাসুদ পারভেজ সোহেল রানার বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, একই আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফাইয়াজুল হক রাজু ও সৈয়দা রুবিনা আক্তার মীরার সমর্থকের স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় এবং ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের সমর্থকের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া, সমর্থকের স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান ও শাহআলম মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ তথ্য থাকায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের গণতান্ত্রিক বামমোর্চার প্রার্থী নুরুল ইসলামের এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেনের সমর্থক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
বরিশালের ৬ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়াকার্স পাটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১২টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী থেকে মোট ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ৯ জনের মনোয়নপত্র বাতিল হওয়ায় বৈধ প্রার্থী রয়েছেন ৪২ জন।