ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী মজনুকে গ্রেফতার না করার মৌখিক নির্দেশ

ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের পর দলটির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট ২২টি মামলায় জামিন চেয়ে রবিবার (২ ডিসেম্বর) পৃথক পৃথক আবেদন করলে বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দেন।

আদালতে রফিকুল আলম মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা এবং অ্যাডভোকেট রমজান আলী।

আইনজীবী মাসুদ রানা বলেন, 'রফিকুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান। তিনি ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে করা ২২টি আবেদন রোববার হাইকোর্টের কার্যতালিকায় এলেও শুনানি হয়নি। পরে আমাদের এক আবেদনের প্রেক্ষিতে ওই ২২ মামলায় তার জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার না করার বিষয়ে মৌখিক আদেশ দেন। এছাড়াও সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি হবে বলেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।'

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে মজনুর বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়। কিন্তু জাতীয় নির্বাচনে এলাকায় প্রচার প্রচারণা চালাতে ওইসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান তিনি।