তাবলিগ জামাতের সাদবিরোধী পক্ষ নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা মানসিক প্রতিবন্ধী মাহফুজ (২৬) নামের এক যুবককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চাঁদমারীতে অবস্থিত বায়তুল হাফেজ জামে মসজিদ সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নারায়ণগঞ্জের তাবলিগ জামাতের সাদবিরোধী ও হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুলআউয়াল অনুসারীরা মাওলানা সাদ ও তার অনুসারী মাওলানা ওয়াসিফুল ইসলামের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এমন সময় চাঁদমারী এলাকার মানসিক প্রতিবন্ধী যুবক মাহফুজ ছুরি হাতে মিছিলের দিকে আসলে মিছিলরত মুসল্লিরা তার হাত থেকে ছুরি ছিনিয়ে নিয়ে মারধর করে। এরপর উপস্থিত পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে।
এক পর্যায়ে পুলিশ উত্তেজিত মুসল্লিদের নিবৃত করে প্রতিবন্ধী যুবককে রক্তাক্ত অবস্থায় পুলিশ ভ্যানে করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, মাহফুজ চাঁদমারীর মাউরাপট্টি এলাকার মৃত হাশেমের ছেলে।
মানসিক প্রতিবন্ধী যুবক মাহফুজের মা ভানু বলেন, ‘মাহফুজ ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। সে অনেক সময় হাতে ছুরি নিয়ে ঘোরাঘুরি করে। তবে ও কাউকে কোনও সময় আঘাত করে না।’
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, ‘ভুল বোঝার কারণে এক যুবকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ ওই যুবকে জিজ্ঞাসাবাদ করছে। তার পরিবারের দাবি মাহফুজ মানসিক প্রতিবন্ধী।’