সিরাজগঞ্জে পিইসি পরীক্ষার খাতায় ঘষামাজার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ২৪টি খাতায় কাটাকাটি ও ঘষামাজার মাধ্যমে নম্বর বাড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের তৎপরতায় উপজেলা পিইসি পরীক্ষা মূল্যায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রবিবার বিকালে ৩ সদস্যের কমিটি গঠন করেন।

সোমবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাতকে আহ্বায়ক করে উপজেলা মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মণ্ডল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সমন্বয়ে গঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পিইসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ২৪টি খাতায় ঘষামাজা ও কাটাকাটি করে প্রাপ্ত নম্বর বাড়ানো হয় বলে পরবর্তীতে চূড়ান্ত মুল্যায়নের সময় পরীক্ষা মূল্যায়ন কমিটির কাছে ধরা পড়ে। খাতাগুলো জব্দ করার পর বিষয়টি গোপন রাখা হয় বলেও অভিযোগ ওঠে। অবশেষে গণমাধ্যমে খবর প্রকাশের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।