৩৩ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) খুলছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ নভেম্বর এ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত মঙ্গলবারের (৪ ডিসেম্বর) রিজেন্ট বোর্ডের ৪৮তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা আরিফ ওবায়দুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ক্যাম্পাসে প্রবেশ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর ছয়দফা দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসে প্রবেশের মূল ফটক ও প্রশাসনিক ভবন আটকিয়ে দাবি আদায়ের জন্যে বিক্ষোভ প্রর্দশন করেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।