পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন মোল্লা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আশোয়া এলাকায় পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি– তদন্ত) মো. ফরিদ হোসেন এ খবর নিশ্চিত করেন।
নিহত সরোয়ার আশোয়া গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।
উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাসার জানান, দুপুরে স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাস থেকে আশোয়া এলাকায় পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের পাশে নামেন সরোয়ার। এসময় বাসটি আরেকটি গাড়িকে সাইড দিয়ে গিয়ে সরোয়ারকে ধাক্কায় দেয়। এতে সরোয়ার রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. ফরিদ হোসেন জানান, ক্ষুব্ধ জনতা বাস ও এর চালককে আটক করে কাউখালী থানায় সোপর্দ করেছে।