হিলি সীমান্তে ফেনসিডিল উদ্ধার

ফেনসিডিলদিনাজপুরের হিলি সীমান্তের মংলার কামারপাড়া এলাকা থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জিবিবি)। শনিবার (৮ ডিসেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার  করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্তের মংলার কামারপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার ফেনসিডিলের মূল্য ১লাখ ৪২ হাজার টাকা।