তিনি বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের কারণে বঞ্চিতরা বিএনপি মহাসচিবের অফিসে হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনও অভিযোগ নেই।’
মন্ত্রী আরও বলেন, ‘এ এলাকায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ জনপ্রিয়তা হারিয়ে আচরণবিধি ভঙ্গ করছেন। জনগণ তার সঙ্গে নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি লাঠিসোঁটা নিয়ে তা জমা দিয়েছেন। নিজ দলের লোকজনকে দিয়ে বোমা ফাটিয়ে আমাদের ওপর দোষ দেওয়ার চেষ্টা করছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর ইতিহাসে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নজির নেই। খালেদা জিয়ার দণ্ড মওকুফ করার জন্য মির্জা ফখরুলের দাবি অবান্তর।’
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, আওয়ামী লীগ নেতা ডা. একেএম জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।