ঐক্যফ্রন্ট প্রার্থীর কুশপুত্তলিকা পুড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা

ঐক্যফ্রন্ট প্রার্থীর কুশপুত্তলিকা দাহকুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে সদ্য গণফোরামে যোগ দেওয়া সা‌বেক সেনা কর্মকর্তা মেজর জেনা‌রেল (অব.) আ  ম সা আ আমিনকে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর আ ম সা আ আমিনের কুশপুত্তলিকা পুড়িয়েছে তারা। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আ ম সা আ আমিন কখনোই বিএন‌পির রাজনী‌তির সঙ্গে যুক্ত ছি‌লেন না, বরং তি‌নি বিএন‌পির বিরুদ্ধে ছিলেন। তাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কুড়িগ্রাম-২ আস‌নে বিক্ষোভ হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি প্রার্থিতা পরিবর্তন করে জেলা বিএন‌পির তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানু‌ষের কা‌ছে সোহেল হোসনাইন কায়কোবাদকে মনোনয়ন দেওয়া না হলে বিএনপির কোনও নেতাকর্মী ঐক্যফ্র‌ন্টের প্রার্থীর পক্ষে কাজ করবে না।


সংবাদ সম্মেলন শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ধা‌নের শীষ প্রতীক পাওয়া আ ম সা আ আমিনের কুশপুত্তলিকা দাহ করে।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ এবং জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানসহ অন্যান্য নেতাকর্মীরা।