চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
প্রথমে জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফল দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. তরিকুল ইসলাম। এরপর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এদিকে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ভোরে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।