রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার এসআই সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের ধীরেনের স্ত্রী সূর্যি (৩২) ও শ্যামলের স্ত্রী শিউলি (৩৮)। আহতরা হলেন– রমনী (৪০),মেরি বিশ্বাস (৩৫), রাবেয়া খাতুন (২৫) ও বিমলা বেগম (২৩)। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় রমনীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে এক ভ্যানে করে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি কর্মিসভায় যোগ দিতে যাচ্ছিলেন ওই ছয় জন। ভ্যানটি গোপালহাটি ফকিরপাড়া এলাকায় আসলে এর একটি চাকা খুলে যায়। এতে মাঝ রাস্তায় ভ্যানযাত্রী শিউলি, সূর্যি ও রমনী পড়ে যান এবং ওই সময় নাটোরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৩৫৩০) চাকায় তারা পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই শিউলি ও সূর্যি নিহত হন। গুরুতর আহত রমনীকে অচেতন অবস্থায় পাঠানো হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এসআই সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরই ভ্যানচালক পালিয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।