স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ও প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়র ছেলে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ করেন। পরে বান্দেরবাজার পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে হামলা চালায়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে টেনে-হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করেন ড. রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।’
এদিকে সন্ধ্যায় বান্দেরবাজারে যুবলীগ নেতাকর্মীদের উপর পাল্টা হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ওরফে মিলাদ গাজী। তিনি বলেন, ‘আমি খবর নিয়ে জেনেছি আমার দলের লোকজনের ওপরে রেজার লোকজন হামলা করেছে। রাস্তার ওপর গাড়ির রেখে যানজট সৃষ্টি করে জনসভা করলে জনতা বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার যুবলীগের নেতার ওপর হামলা করেছে।’
এ ব্যাপারে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিরাপদে নির্বাচনি প্রচার প্রচারণা করেন। রেজা কিবরিয়ার গাড়িবহরে কোনও হামলা হয়নি। আমরা সব প্রার্থীর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’