বিজয় ছিনিয়ে নিতে প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে সরকার: ওয়াদুদ ভূইয়া





পথসভায় খাগড়াছড়ির বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে নিতে সরকার প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে সরকার তথা আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে ভোট ছিনতাই করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জবাব দিতে ৩০ ডিসেম্বর সারা দিন ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদের সমর্থনে জেলা শহরের কলেজ গেট, সিঙ্গিনালা, বাঙ্গালকাটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মারমা অধ্যুষিত আপার পেরাছড়া ও বড়ুয়া অধ্যুষিত কল্যাণপুর মৈত্রী বৌদ্ধবিহার এলাকায় পৃথক পথসভা ও উঠান বৈঠক এসব কথা বলেন তিনি।

সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছে অভিযোগ করে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নামে চলছে প্রহসন। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রতিনিয়ত নির্বাচনি গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের নামে এখনও মামলা দেওয়া হচ্ছে। হামলা চালানো হচ্ছে।’

খাগড়াছড়ির মাটিরাঙা, মানিকছড়ি, রামগড়, পানছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকায় নিজেরা নিজেদের অফিস ভেঙে, বোমা ফাটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওয়াদুদ ভূইয়া।

সাবেক এই সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির ও পাড়া-মহল্লায় সুষম উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে খাগড়াছড়িবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ ভোটারদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ ভোট ডাকাতি করে যেভাবে ক্ষমতায় এসেছে, এবার যেন সেভাবে করতে না পারে। এজন্য আপনারা ভোট দিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে পাহারা দিয়ে আপনার-আমার আমানত রক্ষা করবেন।’

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরি মাস্টার মারমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার ও আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।