চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দু’টি স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২আসনের আওয়ামী লীগ প্রার্থী মু. জিয়াউর রহমানের রহনপুর বেগম কাচারী পাড়ার ব্যক্তিগত ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ও কলেজ মোড় এলাকায় এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর আওয়ামী লীগের ৩ নাম্বার ওর্য়াড সহ-সভাপতি আদর আলী ও প্রধান নির্বাচনী কার্যালয়ের কর্মচারী সাব্বির রহমান রনি। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে, মোটর সাইকেল আরোহী হেলমেট পড়া দুজন যুবক চলন্ত অবস্থায় কার্যালয়ের সামনে পর পর দুটি এবং একই কায়দায় কলেজ মোড় এলাকায় আরো দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবু আলম খান, সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবু আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘এ ঘটনায় তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’