দিনাজপুরের বিরল ও বোঁচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসন। এই দুই উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে জারি, পালা ও কবিগান। চলছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। চলছে বাদ্যযন্ত্র নিয়ে র্যালিও। আয়োজন করা হচ্ছে নির্বাচনি প্রচারণার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সাইকেল র্যালি উৎসব। সাইকেল র্যালি উৎসবে মাইলের পর মাইল সাইকেল চালানোয় অংশ নেন প্রার্থীরাও। সব মিলিয়ে এক অন্যরকম নির্বাচনি উৎসবে মেতেছে এই এলাকার সব শ্রেনী-পেশার মানুষ।
শুক্রবার বোঁচাগঞ্জে সব বয়সের মানুষের সঙ্গে ৫ শতাধিক সাইকেল নিয়ে ২০ কিলোমিটার পথ পারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী।
দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার পঞ্চাশোর্ধ ভোটার শামীম আহমেদ বলেন, ‘নির্বাচনও যে একটি উৎসব-এসব থেকেই তা বোঝা যাচ্ছে। আর সব প্রার্থীই যদি এরকম অনুষ্ঠানের আয়োজন করে তাহলে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।’ এলাকার অন্যান্য ভোটাররাও জানান, তারা আশা করছেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ বিরাজ করুক এবং তা ছড়িয়ে পড়ুক সারাদেশে।
নতুন ভোটাররা ভোটের এই উৎসব দেখে বিমোহিত। বয়সের কারণে যারা এখনও ভোটার হতে পারেনি, তারাও এসব কর্মসূচিতে অংশ নিয়ে উৎসবে শামিল হচ্ছে। সাইকেল র্যালিতে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্রী শিমু আক্তার জানায়, তারা এরকম আনন্দঘন শান্তিপুর্ণ পরিবেশ চায়। ভোটার না হলেও তারা প্রার্থীর সঙ্গে এরকম একটি সাইকেল র্যালিতে অংশ নিতে পেরে বেশ খুশি।
নির্বাচনি প্রচারণায় ব্যতিক্রিম আয়োজন সম্পর্কে দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন একটি উৎসব। এই উৎসবে সব শ্রেণি-পেশার মানুষ, সব বয়সের মানুষের অংশ গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্ঠির জন্যই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’
দিনাজপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫৬২ জন। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।